সিলেট, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা থেকে মঙ্গলবার চারশ’ গ্রাম হেরোইনসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে বলে র্যাব জানিয়েছে।
এরা হলেন ব্রাম্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুর গ্রামের বুলু বেগম (৩৫), মাজেদা বেগম(৫০), তার ছেলে জালাল মিয়া (২৮), শ্যামলী বেগম (২৬) এবং মৌলভীবাজারের কুলাউড়ার পাবই গ্রামের ছমদ আলী (৪২)।
র্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাব্বির আহমদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বেলা দেড়টার দিকে লাউয়াই এলাকায় অভিযান চালিয়ে হেরোইন এর পুরিয়া তৈরি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
“এ সময় তাদের কাছ থেকে প্রায় চারশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মুল্য প্রায় ৪০ লাখ টাকা,” বলেন তিনি।
তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫০০ টাকা, নিক্তি এবং হেরোইনের পুরিয়া তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটক বুলু বেগম সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে সিলেট রেল স্টেশন এলাকায় হেরোইন ব্যবসা চালিয়ে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৫ ঘ.
bdnews24