চাঁদপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
সোমবার মধ্যরাত থেকে প্রার্থীদের প্রচারণার সময় শেষ হয়ে গেছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে জাহাঙ্গীর শিকদার আনারস প্রতীকে, ইয়াসিন রতন গরুর গাড়ি নিয়ে, আলী আহমদ হাওলাদার দোয়াত-কলমে এবং অহিদুজ্জামান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ইউনিয়নটি মেঘনা নদীর পশ্চিমপাড়ে এবং মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মোজাম্মেল হোসেন জানান।
তিনি বলেন, এ নির্বাচনের ৯টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
গত ২২ এপ্রিল নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার হৃদরোগে মারা যান। নির্বাচন কমিশন ২৩ এপ্রিল চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে। এরপর ৫ জুলাই থেকে চেয়ারম্যান পদে মনোনয়ণপত্র বিতরণ শুরু হয়।
১৮ জুলাই মনোনয়নপত্র বাছাই, ২৫ জুলাই প্রত্যাহার শেষে ২৬ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ ইউনিয়নে মোট নয় হাজার ২৭১ জন ভোটার রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১২৫০ ঘ.
bdnews24