জামালপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে জামালপুরে সংসদ সদস্যের কিল-ঘুষিতে আহত আইনজীবী কোনো মামলা না করলেও এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
গত শনিবার জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসানের কিল-ঘুষিতে আহত হন আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক বদরুদ্দোজা বাহাদুর।
সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার জন্য মুরাদ হাসান আমার কাছে মাফ চেয়েছেন। এখনো কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার জন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।”
জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী ও সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবীণ আইনজীবীর গায়ে হাত দেওয়ায় তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংসদ সদস্য যেহেতু উপজেলা আওয়ামী লীগের সদস্য নয়, সেজন্য দলীয় সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বদরুদ্দোজা বাহাদুর অভিযোগ করেন, গত শনিবার দুপুরে স্থানীয় একটি রাস্তা সংস্কারের আবেদন নিয়ে তিনি ডাক বাংলোতে সংসদ সদস্যের কাছে যান। দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংসদ সদস্য তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার চারটি দাঁত নড়ে রক্ত ঝরে এবং শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়।
ঘটনাটি ধামাচাপা দিতে সংসদ সদস্য এবং তার লোকজন তাকে দুই ঘণ্টা ডাকবাংলোতে আটকে রাখে বলেও জানান আইনজীবী।
ঘটনাটি জানাজানি হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ডাক বাংলোতে যান। এক পর্যায়ে সংসদ সদস্য আইনজীবীর কাছে ক্ষমা চান। পরে পুলিশের পাহারায় এলাকা ছাড়েন মুরাদ হাসান।
অবশ্য এ ব্যাপারে জানতে সাংসদের মোবাইলে সাংবাদিকরা ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৩৬ ঘ.
bdnews24