ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমীর শোভাযাত্রাসহ অন্য সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মুসলিম সম্প্রদায়ের রমজান চলার জন্য এই অনুরোধ জানিয়েছেন তিনি। আগামী ৯ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালন হবে।
তার আগে সোমবার সচিবালয়ে পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের নেতাসহ নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাহারা সাংবাদিকদের বলেন, রমজান মাসে জন্মষ্টমীর দিনে হিন্দু ধর্মাবলম্বীদের সভা ও শোভাযাত্রা বিকাল ৫টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়।
জন্মাষ্টমীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দিনাজপুরে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা ইন্ধন দিয়েছে তাদের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যারা জড়িত থাকতে পারে, তাদেরও গ্রেপ্তার করা হবে।”
ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে মন্ত্রী জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুশতাক, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯২৬ ঘ.
bdnews24