চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে চট্টগ্রাম থেকে হাতিয়া ও সন্দ্বীপ রুটে যাত্রী পরিবহনে বিশেষ প্রস্তুতি নেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)।
ঈদকে সামনে রেখে রেলওয়ে কর্তৃপক্ষ ও বাস মালিকরা যখন অতিরিক্ত যাত্রীর চাপ মেটাতে বাড়তি যানবাহনের ব্যবস্থা করছে সেখানে নিয়মিত জাহাজগুলো চালানো নিয়েই রয়েছে সংশয়।
বিআইডব্লিওটিসি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হাতিয়া-সন্দ্বীপ-বরিশাল রুটে চলাচলের জন্য বিআইডব্লিউটিসির মালিকানাধীন আটটি জাহাজের মধ্যে সাতটিই অনুপযোগী। শুধু এমভি আব্দুল মতিন জাহাজ দিয়ে চট্টগ্রাম-হাতিয়া ও সন্দ্বীপ রুটে সপ্তাহে তিন দিন করে যাত্রী পরিবহন করা হচ্ছে।
এর বাইরে সচল অন্য জাহাজ এমভি মনিরুল হক যান্ত্রিক ত্রুটির কারণে কর্ণফুলী নদীর বিআইডব্লিউটিসি ঘাটে নোঙর করে রাখা হয়েছে দুই সপ্তাহের বেশি সময় ধরে।
জাহাজটি গত ২২ জুলাই হাতিয়া থেকে চট্টগ্রাম আসার পথে গভীর সমুদ্রে যান্ত্রিক ত্রুটিতে গতি কমে যায় এবং নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর গন্তব্যে পৌঁছে। এরপর থেকেই জাহাজটি যাত্রী পরিবহন করছে না।
বিআইডব্লিওটিসির যাত্রী সার্ভিস ইউনিট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী বলছেন, এমভি মনিরুল হকের ত্রুটি সারানো গেলে আগামী শনিবার থেকে নিয়মিত যাত্রী পরিবহন করা যাবে।
তবে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম শনিবার থেকে এমভি মনিরুল হকের সচল হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
জাহাজ সঙ্কট থাকায় চট্টগ্রাম থেকে বরিশাল রুটে জাহাজ চলাচল এক বছর আগ থেকেই বন্ধ রয়েছে।
রোববার বিআইডব্লিউটিসি ঘাটে সরেজমিনে পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে বিআইডব্লিউটিসির মালিকানাধীন জাহাজ এমভি রাঙ্গাবালী, এমভি কুতুবদিয়া, এমভি মহেশখালী, এমভি কাজল, এমভি এলসিটি পুরোপুরি অকেজো রয়েছে।
এর বাইরে এমভি আলাউদ্দিন ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি শেষবারের মত যাত্রী পরিবহন করে।
একই বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কর্ণফুলী নদীর ঘাটে থাকলেও ১৪ এপ্রিল থেকে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিসির নিজস্ব ডকইয়ার্ডে সংস্কারের জন্য রাখা হয়েছে বলে জানান ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী।
গত বছরের ২২ জুন থেকে এমভি বার আউলিয়া সংস্কারের জন্য কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা হয়েছে বলেও জানান ব্যবস্থাপক গিয়াস উদ্দিন।
পর্যাপ্ত জাহাজ না থাকায় বিআইডব্লিউটিসির পক্ষ থেকে ঈদ উপলক্ষে কোনো অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ব্যবস্থাপক গিয়াস উদ্দিন।
তিনি বলেন, “ঈদের সময় এমভি আব্দুল মতিনের পাশাপাশি শনিবার থেকে মনিরুল হক সচল করা গেলে যাত্রী পরিবহনে কোনো সমস্যা থাকবে না।”
এসময় চট্টগ্রাম-হাতিয়া ও সন্দ্বীপ রুটে সপ্তাহে সাতদিন জাহাজ চলাচল করতে পারবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এমআই/২১২০ ঘ.
bdnews24