২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর নির্দেশেও রাস্তা ঠিক হয়নি বরগুনায়

যোগাযোগ মন্ত্রীর নির্দেশেও বরগুনার চারটি সড়ক যান চলাচলের উপযোগী হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

মনির হোসেন কামাল বরগুনা প্রতিনিধি বরগুনা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রীর নির্দেশেও বরগুনার চারটি সড়ক যান চলাচলের উপযোগী হয়নি। দায়সারাভাবে সামান্য সংস্কার হলেও সড়কের অধিকাংশ স্থানই চলাচল অনুপোযোগী রয়ে গেছে। ঈদের আগে সংস্কার করা না হলে ঘরমুখো ও ফিরতি মানুষের দুর্ভোগ পোহাতে হবে বলে এলাকাবাসী জানিয়েছে। বরগুনার সড়ক ও জনপথ বিভাগের আওতায় এ চারটি সড়ক হল আমতলী-বড়ইতলা ফেরীঘাট, বরগুনা বাইপাস-চান্দখালী, পাথরঘাটা-মঠবাড়িয়া এবং পাথরঘাটা-কাকচিড়া। এগুলোর মোট দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। এ চার সড়ক যান চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে। প্রায় একযুগ ধরে জোড়াতালি দিয়ে চলছে। মৃত্যুঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। সড়কগুলো উন্নয়ন খাতে অন্তর্ভুক্ত করে সংস্কারের দাবিতে বরগুনা সড়ক উন্নয়ন ও বাস্তবায়ন কমিটি, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এলাকাবাসী আন্দোলন করছে। বরগুনা সড়ক উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক ও জনপথ বিভাগের দুর্নীতির কারণে নিম্নমানের সংস্কারের ফলে সড়কগুলো দীর্ঘদিন ধরে চলাচলে অনুপোযোগী পড়ে আছে। “মানুষের ভোগান্তি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি মাত্র ৮০ কিলোমিটার সড়ক সরকারের উন্নয়ন খাতে স্থানান্তর,” বলেন তিনি। বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দীন সাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক ও জনপথ বিভাগের অনিয়ম দুর্নীতির কারণে সড়কগুলোর এই বেহাল অবস্থা। সংষ্কারের জন্য বরাদ্দের সিকিভাগ কাজ হলেও এ চেহারা থাকত না। “আমরা নিজেরা চাঁদা তুলে সড়ক মোটামুটি চলাচল উপযোগী করে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। কিন্তু বর্তমানে এমন অবস্থা যে, সংস্কার না হলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। তাই আমরা আন্দোলনে নেমেছি,” বলেন শ্রমিক নেতা। গত ২৬ জুলাই যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এখানে এসে সড়কের অবস্থা দেখে বলেছিলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় রাস্তাঘাটে বরগুনা পিছিয়ে আছে। দেশের কোথাও এমন বেহাল সড়ক নেই। তিনি সাত দিনের মধ্যেই সড়কগুলোর সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কর্মকর্তাদের। এ সময় মন্ত্রী বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ এবং উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলামকে কারণ দর্শানোসহ শাস্তিমূলক বদলির নির্দেশ দিয়েছিলেন। বাস চালক রফিকুল ইসলাম বলেন, যোগাযোগমন্ত্রী আসার আগের দিন তরিঘরি করে সড়কে কিছু খোয়া ফেলা হয়। এরপর বালি দিয়ে রোলার চালানো হচ্ছে। সামান্য বৃষ্টির পানিতেই খোয়া সরে গিয়ে গর্ত বেরিয়ে আসে। বারঘর এলাকার বাসিন্দা নুরু মিয়া বলেন, “হুনছি যোগাযোগ মন্ত্রী আইছিল। হেই খবরে রাস্তায় কিছু খোয়া হালাইছে। এইহানে দুইডা রোলার লইয়া আইছিল মন্ত্রীরে দেহানোর জন্য। কিন্তু রাস্তার কোন কাম হরেনাই [করেনি] হেরা। মোগো দুর্ভোগের রাস্তা হেইরহমই রইয়্যা গেছে।” সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোন করলে তিনি রিসিভ করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.