২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে গৃহকর্মী খুন, দম্পতির বিরুদ্ধে মামলা

রাজধানীর মিরপুরের পল্লবী আবাসিক এলাকায় গৃহকর্মীকে হত্যার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের পল্লবী আবাসিক এলাকায় গৃহকর্মীকে হত্যার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রোববার সকালে ওই দম্পতির বাসা থেকে হালিমা (১২) নামে ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। হালিমার মাথার পেছনে, কানের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন জায়গায়ও ছ্যাকার অসংখ্য দাগ রয়েছে। হালিমার বাবার নাম মোসলেম শিকদার। তার গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। এ হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে সকালে গৃহকর্তা খন্দকার ইমরান ও তার স্ত্রী শিউলি বেগমকে পুলিশ আটক করে। ইমরান পরিবহন ব্যবসায়ী। পল্লবী ‘এ’ ব্লকের মালিক কল্যাণ সমিতির সভাপতি মাহফুজ রেজার গাড়িচালক মো. সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে একটি বস্তা নিয়ে ইমরান তাদের বাসা থেকে বের হলে বাড়ির নিরাপত্তকর্মী মো. ইয়াকুর তাতে কী আছে জানতে চায়। তার কথা শুনেই ইমরান কিছু না বলে আবারো ফ্ল্যাটে ফিরে যান। ইয়াকুবের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি পুলিশকে খবর দেন বলেও জানান সোহেল। পরে চতুর্থ তলায় ইমরানের বাসা থেকে হালিমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে বিকেলে ওই দম্পতিকে আসামি করে একটি মামলা করা হয়েছে বলে জানান পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান। তিনি বলেন, হত্যা করে লাশ গুমের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন এসআই আনিছুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৪৪ ঘ.