ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ এনায়েত হুসেইন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮৬ ব্যাচের (পররাষ্ট্র) কর্মকর্তা হুসেইন বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুহাম্মদ এনায়েত হুসেইন জেদ্দায় কনসুলেট জেনারেল অফিস, ব্রনাইয়ে বাংলাদেশ হাইকমিশন এবং দোহা ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য থেকে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেও ডিগ্রি নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৩৪২ ঘ.
bdnews24