ছাত্রীর সঙ্গে সম্পর্ক: ঢাবি শিক্ষককে বাধ্যতামূলক ছুটি
ছাত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদীকে ছুটিতে পাঠানোর এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অবৈধভাবে অন্যত্র চাকরিরত এক শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
সিন্ডিকেট সদস্য মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থনীতি বিভাগের শিক্ষকদের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভা রুশাদ ফরিদীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।”
এক ছাত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনে গত ফেব্রুয়ারি মাসে বিভাগের একাডেমিক কমিটিতে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়।
এরপর গত ৯ জুলাই একাডেমিক কমিটি বিষয়টি খতিয়ে দেখার জন্য সিন্ডিকেটের কাছে আবেদন করে। আবেদনে রুশাদ ফরিদী ফেসবুকে বিভাগের কয়েকজন শিক্ষককে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলেও অভিযোগ আনা হয়।
তিনি আরও জানান, পুরো বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে রুশদ ফরিদী বলেন, “বিভাগের শিক্ষকদের অনিয়ম, ক্লাসে না আসা নিয়ে প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তাছাড়া যে ছাত্রীকে জড়িয়ে অভিযোগ তোলা হয়েছে তার বক্তব্য ছাড়াই এ ধরনের অভিযোগ তোলা সম্পূর্ণ ভিত্তিহীন।”
এ সব কারণে সিন্ডিকেটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান তিনি।
দুই জায়গায় চাকরির তদন্ত
নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেটের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাবি খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুল আরেফিন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবেও কর্মরত আছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ২০০৬ সালের ৩০ মে তারিখ থেকে এ পদে রয়েছেন তিনি।
ইনস্টিটিউটের একটি তদন্ত দল মনসুর আলী মেডিকেলে গিয়ে এ বিষয়ে প্রমাণ পায়। সার্বিক বিষয় তদন্তের জন্য উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইনকে প্রধান করে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
