২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেওড়াপাড়ায় ঝুট ব্যবসায়ীকে হত্যা

রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে এক ঝুট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে এক ঝুট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে শেওড়াপাড়া ইকরা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম (৪০) নামে ওই ঝুট ব্যবসায়ীর বাসা মিরপুর-১১ নম্বরে। ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইকরা হোটেলের সামনে নুরুল মোটর সাইকেলে ওঠার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে নিহতের স্ত্রী নাসিমা আক্তার মাহি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাসিমা আক্তার ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, মিরপুর বাসা থেকে আমরা ইকরা হোটেলে খেতে গিয়েছিলাম। হোটেলে শুধু রিরিয়ানী থাকায় না খেয়ে আমরা বের হয়ে মোটর সাইকেলে ওঠার সময় অন্য একটি মোটর সাইকেলে করে তিন সন্ত্রাসী এসে নুরুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি মোটর সাইকেলের কাছে দাঁড়িয়ে ছিলেন বলে জানান মাহি। নাসিমা আক্তার মাহি নুরুলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী পিংকি হাসপাতালে সাংবাদিকদের জানান, স্থানীয় নুরু নামে এক সন্ত্রাসী তার স্বামীর কাছে চাঁদা দাবি করে আসছিলো। এ ব্যাপারে কাফরুল থানায় একটি জিডিও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯৫৫ ঘ.