নুরুল ইসলাম হাসিব
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে অগাস্ট থেকে যোগ হচ্ছে নতুন একটি টিকা। নয় মাস বয়সী শিশু ও ১৫ বছর বয়সী মেয়েকে রুবেলা হাম (এমআর) সংক্রমণ প্রতিরোধে এই টিকাটি দেওয়া হবে।
চিকিৎসকদের মতে, মানবদেহে রুবেলা হামের সংক্রমণে গুরুতর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।
প্রাথমিক স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক ডা. সৈয়দ আবু জাফর মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগাস্টের শেষ সপ্তাহ থেকে ঢাকা বিভাগে এ টিকা দেওয়া শুরু হবে। সারা দেশে এ কার্যক্রম শুরু হবে এক মাস পর।”
বিস্তৃত টিকাদান কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে হামের সংক্রমণ হার কমলেও রুবেলার সংক্রমণ বেড়েছে বলে জানান তিনি।
সমন্বিত টিকাদান কর্মসূচি (ইপিআই) গত ছয় মাসে ৯৯৯টি রুবেলা সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে। একই সময়ে হাম সংক্রমণের সংখ্যা ৭৬৬টি।
মো. মুসা বলেন, রুবেলা শিশুদের জন্য তেমন কোনো মারাত্মক রোগ নয়। তবে গর্ভকালীন সময়ের প্রথম তিনমাসের মধ্যে কোনো নারী যদি এ রোগে সংক্রামিত হয় তা অনাগত শিশুটির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
“প্রাথমিকভাবে হামের টিকার বদলে ৯ মাস বয়সে শিশুদের টিকাটি দেওয়া হবে। একইসঙ্গে ১৫ বছর বয়সী মেয়েরা তাদের প্রথম টিটেনাস টিকার সঙ্গে এই এমআর টিকাও পাবে। আর হামের টিকা দেওয়া হবে ১৫ মাস বয়সে।”
রুবেলা হামের লক্ষণ হচ্ছে জ্বরের সঙ্গে গোলাপী বর্ণের র্যাশ ওঠা। প্রথম পর্যায় র্যাশগুলো মুখে দেখা গেলেও পাঁচ থেকে সাতদিনের মধ্যে তা সারা গায়ে ছড়িয়ে পড়ে। গ্রীষ্মকালে রোগটির সংক্রামণ বেশি ঘটে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ অনাগত শিশুর ওপর রুবেলার প্রভাব প্রাণঘাতী উল্লেখ করে বলেন, কোনো গর্ভবতী নারী রুবেলায় আক্রান্ত হলে তার পরিণতি খুবই খারাপ হতে পারে। তবে একবার টিকা নিলে সারা জীবনের জন্য সুরক্ষা পাওয়া যায়।
বাংলাদেশে এ বিষয়ে কোনো গবেষণা না হলেও মায়েদের রুবেলা সংক্রমণের কারণে অনেক শিশু বধির, অন্ধ, হৃদপিণ্ডে সমস্যা এবং মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করছে বলে দাবি করেন তিনি।
২০০২ সালে হাসপাতালভিত্তিক একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ১৯৮ জন শ্রবণ প্রতিবন্ধী শিশুর মধ্যে শতকরা ৭৪ ভাগের মায়েরই গর্ভকালীন প্রথম ধাপে রুবেলা সংক্রমণ হয়েছিল।
এদিকে ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হৃদরোগ বিভাগ জন্ম থেকে হৃদপি-ে সমস্যা সম্বলিত প্রায় ৩ হাজার শিশু পেয়েছে।
এছাড়া রুবেলা সংক্রমণের শতকরা ৫০ শতাংশ ক্ষেত্রে আকস্মিক গর্ভপাতও হয়ে থাকে।
রুবেলা নির্মূল বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশাবলীতে বলা হয়েছে, রুবেলা টিকাদান কর্মসূচি সেই সব দেশে শুরু করা হবে যেখানে হামের টিকা দেওয়ার হার অনেক বেশি।
প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে ১৯৭৯ সাল থেকে বাংলাদেশে ইপিআই কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের ৮৫ শতাংশেরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
এ কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে ২৪টি কেন্দ্র এবং সারা দেশে দুই লাখেরও বেশি কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে টিকা দেওয়া হয়ে থাকে।
নতুন টিকা শুরুর বিষয়ে ইপিআই কর্মসূচির ব্যবস্থাপক ডা. তাজুল ইসলাম এ বারী বলেন, “এমআর টিকা দেওয়ার জন্য অতিরিক্ত তহবিলের দরকার নেই। আমরা হামের টিকার সমমূল্যেই এমআর টিকা কিনতে পারব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমডি/এএল/১৯১৪ ঘ.
bdnews24