জাবি, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসে সংঘাতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
সহিংসতার কারণে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণার দুদিন পর শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতার নেপথ্য কারণ খুঁজে বের করা প্রয়োজন। জনসাধারণের সম্পদ কারা ধ্বংস করছে, কী তাদের উদ্দেশ্য, তা চিহ্নিত করতে হবে।”
ছাত্রলীগের এক নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গত ১ অগাস্ট রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ১ অগাস্ট পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ বাঁধে। এরপর ছাত্রদের অবরোধের কারণে প্রায় ১৫ ঘণ্টা ঢাকা-আরিচা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
ছাত্র আন্দালনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব নেওয়া অধ্যাপক আনোয়ারের দাবি, পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থির করা চেষ্টা হচ্ছে।
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন সেশনজটমুক্ত ও উন্নয়নের দিকে অগ্রসরমান, তখন একটি অন্ধকারের শক্তি শুভ কাজে বাধা দিতে চাচ্ছে। এরা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করতে চায়,” বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থক শিক্ষকদের এই নেতার সন্দেহ, জাহাঙ্গীরনগরের অস্থিরতা তৈরিতে স্বাধীনতারবিরোধী শক্তির ইন্ধন রয়েছে।
তাহমিদুল ইসলাম লিখন নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতের পর সন্দেহভাজন নাহিদ নামে এক ছাত্রকে আটকের ঘটনাকে কেন্দ্র করে ১ অগাস্ট রাতে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের বাড়ি ভাংচুর এবং পরদিন ক্যাম্পাসের বিভিন্ন ভবন এবং আরিচা সড়কে গাড়ি ভাংচুর হয়।
উপাচার্য বলেন, “ছুরিকাহত একজন ছাত্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ মীর মশাররফ হোসেন হলে গেলে যে ঘটনার সৃষ্টি হয়েছে, তা অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও দুঃখজনক।”
শিক্ষার্থীদের দাবি, পুলিশ রাতে মীর মশাররফ হোসেন হলে ছাত্রদের ওপর রবার বুলেট ছুড়লে পরিস্থিতির অবনতির দিকে গড়ায়। ছাত্ররা সড়ক অবরোধ শুরু করে।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে হলে ঢুকতে অনুমতি দেয়নি। ছাত্র ছুরিকাঘাতের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছিল।
অবরোধের কারণে দূর-দূরান্তের যাত্রীদের দুর্ভোগ হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ বল প্রয়োগ করেনি বলে দাবি করেন তিনি।
সংঘাতের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কাজ করছে জানিয়ে অধ্যাপক আনোয়ার বলেন, “তদন্ত রিপোর্টে যারা অভিযুক্ত হবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।”
আকস্মিক ছুটি ঘোষণা করার ফলে ছাত্র-ছাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিনও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৩ ঘ.
bdnews24