সিলেট, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারের লালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে।
নিহত আবুল কালাম ওরফে ধলা মিয়া (২৮) কামাল বাজার লালপুর এলাকার আলমাছ আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি আবু শামা ইকবাল হায়াত সাংবাদিকদের জানান, সন্ধ্যায় দক্ষিণ সুরমার কামাল বাজারের লালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুর রশিদ ওরফে গেদা মিয়া ও তার ভাতিজা ধলা মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ধলা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই তারেক আহমদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১২৫ ঘ.
bdnews24