২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরের দুর্ভাবনায় দুর্ঘটনা যানজট চাঁদাবাজি

ঈদ সামনে রেখে মহাসড়কে দুর্ঘটনা, যানজট ও চাঁদাবাজি নিয়ে ‘দুর্ভাবনার’ কথা জানিয়ে এসব প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

গাজীপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ সামনে রেখে মহাসড়কে দুর্ঘটনা, যানজট ও চাঁদাবাজি নিয়ে ‘দুর্ভাবনার’ কথা জানিয়ে এসব প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনের সময় গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকায় সাংবাদিকদের তিনি বলেন, “ঈদকে মূল টার্গেট ধরে কাজ চলছে। ঈদের আগে সড়ক মহাসড়কে দ্বিগুণ তিনগুণ যানবাহন থাকে। এখন বর্ষাকাল হওয়ায় প্রতিনিয়ত নজর রাখতে হচ্ছে। আগের চেয়ে রাস্তা এখন অনেক ভাল। রাস্তায় যাতে ভোগান্তি না হয় তার জন্য কাজ করছি।” তবে এর মধ্যেও ‘দুর্ঘটনা, যানজট ও চাঁদাবাজি’ রোধে বাড়তি নজরদারি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সবার সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, “আজ ঘাটে ঘাটে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজরা অনেকসময় রাজনৈতিক পরিচয় দিচ্ছে। এসব চাঁদাবাজদের জন্য যানজট সৃষ্টি হয়। চাঁদাবাজদের দেখে অনেক সময় চালকেরা ওভারস্পিডে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায়।” মন্ত্রী জানান, আগামী ৯ অগাস্ট পরিবহন মালিক-শ্রমিক ও পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা হবে। সেখানেও এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, “সবাইতো সত্যিকারের দেশপ্রেমিক নয়। আমাদের প্রকৌশলীদের মধ্যে ফাঁকিবাজ আছে, ঠিকাদারদের মধ্যেও ফাঁকিবাজ আছে। এরা টাকাকেই বড় মনে করে। সবাই দেশের স্বার্থটাকে বড় মনে করে না, করলে এদেশে এতো সমস্যা হতো না। রাস্তাঘাটের এ অবস্থা হতো না।” সকাল ১০টায় রাজধানীর বনানীতে সেতু ভবন থেকে যাত্রা শুরু করে সাড়ে ১১টার দিকে গাজীপুরে পৌঁছান যোগাযোগমন্ত্রী। এই এলাকার সড়ক পরিদর্শন শেষে তিনি ময়মনসিংহের পথে রওনা হন। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, সওজের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন আহমেদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৫৫৫ ঘ.