বরিশাল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের বরিশাল সদরের এক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সোমবার দুপুরে কোতয়ালি মডেল থানায় গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এ মামলাটি করে বলে জানায় পুলিশ।
কোতয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদক বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক আর কে মজুমদার মানিলন্ডারিং আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দেলোয়ার গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখা ব্যবস্থাপক হিসেবে ২০০৫ সালের ১০ মে থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৮ জুলাই থেকে তিনি পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫০ ঘ.
bdnews24