গাজীপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার সকালে ড. ইউনূস তার পরিবারের সদস্যদের নিয়ে লেখকের কবর জিয়ারত করেন বলে জানান গাজীপুরের নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল।
এর আগে রোববার বিকালে ইউনূস প্রয়াত এই লেখকের মা আয়েশা ফয়েজের সঙ্গে তার মীরপুরের বাসায় দেখা করেন।
চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই নিউ ইয়র্কে মৃত্যু হয় হুমায়ূনের। নন্দিত এই কথাসাহিত্যিককে তার নিজের হাতে গড়া নুহাশপল্লীতে দাফন করা হয় গত ২৪ জুলাই।
সাইফুল ইসলাম বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে খবর না দিয়েই সকাল ৯টায় নুহাশপল্লীতে যান ইউনূস। এ সময় তার সঙ্গে স্ত্রী আফরোজি ইউনূস ও মেয়ে দীনা ইউনূসসহ ১২-১৩ জন ছিলেন।
কবর জিয়ারতের পর নুহাশপল্লীর ঔষধি বাগান, বৃষ্টি বিলাশ, লীলাবতী দীঘি, ভূত বিলাশসহ হুমায়ূনের থাকার ঘরটিও ঘুরে দেখেন ইউনূস। নুহাশপল্লীতে ইউনূস প্রায় এক ঘণ্টা অবস্থান করলেও ওই সময় সেখানে হুমায়ূনের পরিবারের কোনো সদস্য ছিলেন না বলে জানান বুলবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৪৩ ঘ.
bdnews24