২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু প্রকল্পসমঝোতা হলে বিশ্ব ব্যাংককে সহযোগিতা: দুদক

সরকারের সঙ্গে সমঝোতা ছাড়া প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো তথ্য বিশ্ব ব্যাংককে দেবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

সালাহউদ্দিন ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সমঝোতা ছাড়া প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো তথ্য বিশ্ব ব্যাংককে দেবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চেয়ারম্যান গোলাম রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “যদি সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের সমঝোতা হয়, কেবল তাহলেই দুদক তাদের তথ্য দেবে।” ২৯০ কোটি ডলারের প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ব ব্যাংক। তবে প্রাকযোগ্যতা যাচাই এবং পরামর্শক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে অর্থায়ন স্থগিত করে সংস্থাটি। পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজনকে অপসারণ এবং আন্তর্জাতিক তদন্তের দাবিও জানায় তারা। পরবর্তীতে শর্ত না মানার অভিযোগ এনে ২৯ জুন অর্থায়ন থেকে বাতিল করে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। দুর্নীতির অভিযোগের মুখে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় সৈয়দ আবুল হোসেনকে। ২৩ জুলাই তিনি পদত্যাগ করেন, যাকে বিশ্ব ব্যাংকের শর্ত পূরণের অংশ হিসেবে অভিহিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর দুইদিন বাদে দুদক চেয়ারম্যান জানিয়েছিলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি তদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষ প্যানেল গঠনে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকার সমঝোতায় যাচ্ছে। বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের সমঝোতা স্মারক সাক্ষর হলেই এই প্যানেল গঠিত হবে। বিশ্ব ব্যাংকের মনোনীত প্যানেলকে সহযোগিতা করতে দুদক প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে গোলাম রহমান বলেন, “অবশ্যই বিশ্ব ব্যাংকে দুদক সহযোগিতা করবে। তবে সরকারের সঙ্গে সমঝোতা ছাড়া তা সম্ভব নয়। সমঝোতা না হলে আমরা আমাদের অভ্যন্তরীণ তথ্য কেন বিশ্ব ব্যাংকে দিতে যাব?” বিশ্ব ব্যাংক অর্থায়ন না করলেও দুর্নীতি দমন কমিশন তদন্ত চালিয়ে যাবে বলে জানান তিনি। এই সরকারের মেয়াদের মধ্যে তদন্ত শেষ হবে কিনা- জানতে চাইলে গোলাম রহমান বলেন, “যত দ্রুত সম্ভব তদন্তকাজ শেষ করতে আমরা চেষ্টা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২১১১ ঘ.