২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যান হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামি খালাস

খুলনার বটিয়াঘাটা থানার সুরাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা হাবিব হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ৫ আসামিকে খালাস দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা থানার সুরাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা হাবিব হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ৫ আসামিকে খালাস দিয়েছে হাই কোর্ট। সেইসঙ্গে অপর তিন আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করে দেওয়া হয়েছে। ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি করে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ এই রায় দেন। রায়ের পর ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি বলেন, নিহত মোস্তফা হাবিব বিএনপির রাজনীতি করতেন। মৃত্যুর আগে তিনি আসামিদের বিরুদ্ধে একটি জিডিও করেছিলেন। জিডিতে তিনি বলেছেন, আসামিরা তাকে হত্যার হুমকি দিয়েছে। আদেশে হাই কোর্ট নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া জামিল শেখ, নুরে আলম সরদার, মিনহাজ সরদার, আরজান সরদার, মতিয়ার রহমানকে বেকসুর খালাস দেয়। একইসঙ্গে শেখ আকরাম, কামরুল ইসলাম কামু ও সহিদ গোলজারের মৃত্যুদ- কমিয়ে যাবজ্জীবন দেয়। ২০০৬ সালের ২৭ জুলাই খুলনার সেশন জজ এ কে এম ইশতিয়াক হোসাইন এই আটজনকে মৃত্যুদণ্ড দেন। মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৯ সালের ৩ এপ্রিল খুলনার বাটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা হাবিকে আসামিরা গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। ওই ঘটনায় নিহতের মা আমিনা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতে আসামী পক্ষে আব্দুর রেজাক খান, সৈয়দ মামুন মাহবুব ও সরওয়ার আহমেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও তাকে সহায়তা করেন সহকারি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৭৩৪ ঘ.