২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে অবরোধের প্রতিবাদে পাল্টা অবরোধ

পঞ্চগড় ও তেঁতুলিয়ায় পরিবহন মালিক-শ্রমিক এবং পাথর শ্রমিকরা পাল্টাপাল্টি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

পঞ্চগড়, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় ও তেঁতুলিয়ায় পরিবহন মালিক-শ্রমিক এবং পাথর শ্রমিকরা পাল্টাপাল্টি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ার বিভিন্ন নদী ও সমতল ভুমি থেকে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে পাথর শ্রমিকরা পঞ্চগড়-তেঁতুলিয়া পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ শুরু করে। এর প্রতিবাদে মালিক-শ্রমিকরা সকাল ১০ টায় পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় এলোপাতাড়ি যানবাহন রেখে জেলার সবরুটে যান চলাচল বন্ধ করে দেন। প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২টায় পাথর শ্রমিকরা এবং দুপুর ১ টায় মালিক-শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। মোটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন জানান, উপজেলা চেয়ারম্যান মুকু পাথর শ্রমিকদের সঙ্গে নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা না করে দু-একদিন পরপর অবরোধের ডাক দেন। “এতে আর্থিক ক্ষতিসহ আমরা নানাভাবে সমস্যায় পড়ছি।” এসব বিষয়ে প্রশাসন কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে আমরা কঠোর অবস্থানে যাব।” অন্যদিকে, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু জানান, ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় সাধারণ পাথর শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। “এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেওয়ার বারবার আশ্বাস দিলেও কোনো কাজ হয় না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৮ ঘ.