২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী আনার সুযোগ নেই: মন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী আনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী আনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সোমবার সচিবালয়ে এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের নাগরিক না হলে কোনো আইনজীবী এই ট্রাইব্যুনালে এসে লড়তে পাববেন না।” “আমরা মানবতাবিরোধী অপরাধ ও নরহত্যাকারীদের যে বিচার করছি তা হচ্ছে বাংলাদেশের আইনে। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ সালে পাস হয়েছে। এ আইনের অধীনেই দুটি ট্রাইবুনাল গঠন করা হয়েছে,” বলেন শফিক আহমেদ। আর যেহেতু দুই ট্রাইব্যুনালে এ আইনেই বিচার চলছে, সেহেতু এ মামলায় আন্তর্জাতিক পর্যায়ের আইনজ্ঞ আনার সুযোগ নেই বলে মন্ত্রী মন্তব্য করেন। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর ছয় নেতা এবং বিএনপির দুইজনের বিরুদ্ধে মামলা চলছে। জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে গত বছর ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হলে ট্রাইব্যুনাল ওই আবেদন খারিজ করে বিষয়টি বার কাউন্সিলের ওপর ছেড়ে দেয়। পরে ২০১১ সালের ২৩ জুলাই বার কাউন্সিলের চেয়ারম্যান ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম জানান, বাংলাদেশের নাগরিক ছাড়া অন্য কাউকে বার কাউন্সিলের সনদ দেওয়ার বিধান নেই। বারের পরীক্ষায় উত্তীর্ণ না হলে সনদ দেওয়ারও সুযোগ নেই। সম্প্রতি বার কাউন্সিল নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন করে এ বিষয়ে আবেদন করার উদ্যোগ নেন জামায়াত নেতাদের আইনজীবীরা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “বাংলাদেশে বার কাউন্সিল আইনে পরিষ্কার বলা আছে, বাংলাদেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে যদি কেউ কারো পক্ষ সমর্থন করে মামলা পরিচালনা করতে চায় তাহলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।” বাংলাদেশের বার কাউন্সিল আইনটি সর্বোচ্চ আইন দ্বারা আইনজীবীদের পেশা নিয়ন্ত্রণ করে বলে মন্ত্রী মন্তব্য করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন-২০১১ এর কয়েকটি ধারা সংশোধনে এক আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন শফিক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৬১২ ঘ.