ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৬টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। বাংলাদেশ সময় সোমবার সকালে তার দেশে পৌঁছার কথা রয়েছে।
পাঁচ দিনের সফরে লন্ডনে অবস্থানকালে ২৭ জুলাই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেদিন বিকালেই বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া রাজকীয় সংবর্ধনায় যোগ দেন তিনি।
এছাড়া বৃটিশ পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা লেবার পার্টির এড মিলিব্যান্ডের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এর আগে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে বুধবার সকাল সোয়া ১০টায় শেখ হাসিনা লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এই সফরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।
লন্ডনে প্রধানমন্ত্রী অবস্থান করেন হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২৪৭ ঘ.
bdnews24