ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
বিশ্ব বাঘদিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, “সুন্দরবনের বাঘ ও হরিণের সংখ্যা ধারণক্ষমতার মধ্যে রেখে অবৈধ হরিণ শিকার বন্ধ, আবাসস্থলের উন্নয়ন ও নিয়মিত টহলের মাধ্যমে বাঘের সংখ্যা বৃদ্ধি করতে সরকার উদ্যোগ নিয়েছে।”
তিনি বলেন, বাঘ ও হরিণসহ অন্য বন্যপ্রাণী শিকার বন্ধের জন্য শাস্তি বাড়িয়ে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ পাস ও কার্যকর করা হয়েছে। সরকার জাতীয় বাঘ পুনরুদ্ধার কর্মসূচি ও ‘বাংলাদেশ টাইগার অ্যাকশান প্লান ২০০৯-২০১৭’ হাতে নিয়েছে।
এছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় বন্যপ্রাণী ও বাঘ সংরক্ষণে ‘বন্যপ্রাণী রক্ষায় আঞ্চলিক সহযোগিতা শক্তিশালীকরণ’ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে তিনি জানান।
হাছান মাহমুদ জানান, অনুমতি নিয়ে বনে ঢোকার পর বাঘের হামলায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে।
বাঘের আক্রমণের শিকার ৪৮টি পরিবারের মধ্যে ইতোমধ্যেই ৪৮ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক বলেন, রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের অলংকার। এটি আমাদের জাতীয় প্রাণী। আমরা বাঘকে রক্ষা করবো, নিজেরাও বাঘের মতো বাঁচবো।
২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাঘসমৃদ্ধ ১৪টি দেশের রাষ্ট্র প্রধানদের সম্মেলনে বাঘ সংরক্ষণের কার্যক্রমকে বেগবান করতে একটি ঘোষণাপত্র তৈরি করা হয়। এ ঘোষণাপত্রের আলোকে প্রতিবছর ২৯ জুলাই বিশ্ব বাঘদিবস পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭৩৫ ঘ.
bdnews24