সাভার, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার দুপুরে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের আনন্দ নগর থেকে লাশটি উদ্ধার করা করে পুলিশ।
নিহত নজর আলী (৪০) ওই এলাকার আনসার আলীর ছেলে।
এলাকাবাসীকে উদ্ধৃত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে আনন্দ নগরের ৩/৪টি বাড়িতে ১০/১৫ জনের একটি ডাকাত দল হানা দিলে এলাকাবাসী তাদের ধাওয়া করে।
“এ সময় অন্যরা পালিয়ে গেলেও নজর আলীকে আটক করে মারধর করে স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত নজর আলী চিহ্নিত ডাকাত।”
তার বিরুদ্ধে ধামরাই, আশুলিয়াসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫০২ ঘ.
bdnews24