২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায় ফররুখের জেরা শেষ

দশ ট্রাক অস্ত্র আটকের মামলায় পুলিশের সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদের জেরা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র আটকের মামলায় পুলিশের সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদের জেরা শেষ হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল এর বিচারক এস এম মজিবুর রহমান আদালতে ফররুখের অসমাপ্ত জেরা শুরু হয়। এর আগে দুই দফায় পুলিশের সাবেক এ ডিআইজিকে জেরা করা হয়। গত ১০ জুলাই তার সাক্ষ্য দেওয়ার নির্ধারিত তারিখ থাকলেও তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক রোববার (২৯ জুলাই) এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রাখেন। মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আব্দুল সোবহান তরফদার ঘণ্টাব্যাপী ফররুখকে জেরা করেন। ৩ জুলাই এ মামলায় সাক্ষ্য দেন ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত সরকারি তদন্ত দলের সদস্য ফররুখ আহমদ। ওইদিন বিকালে তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। এরপর ৪ ও ৫ জুলাই তাকে দিনভর জেরা করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/আরএ/১৪১৩ ঘ.