জয়পুরহাট, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বালাইটে পিকআপ ও রিকশাভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে বালাইটে জয়পুরহাটমুখী একটি পিকআপের সঙ্গে এ সংঘর্ষে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন- জেলার কালাই উপজেলার উত্তর ভাতকী গ্রামের মৃত আফছার আলীর ছেলে রিকশাভ্যান চালক বাবলু মিয়া (৩২), সুরাইল গ্রামের মৃত মাবেজ আলীর ছেলে মসির উদ্দীন (৫৫) এবং ক্ষেতলাল উপজেলার সর্দারপাড়া গ্রামের বুদা মিয়ার ছেলে এনামুল হক (২২)।
কালাই থানার এসআই জাকির হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিশ্চিন্তা বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী নিয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপটি রিকশাভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক বাবলু মারা যান।
আহত অপর তিন ভ্যানযাত্রীদের মধ্যে মসির উদ্দিন জয়পুরহাট জেলা হাসপাতালে ও এনামুল হক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
অজ্ঞাত পরিচয় আরো এক ভ্যানযাত্রী সজ্ঞাহীন অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চালকসহ ঘাতক পিকআপটি আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০৮ ঘ.
bdnews24