ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথা কাটাকাটির জের ধরে রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি রেস্তোরাঁয় ভাংচুর চালিয়েছে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে মালঞ্চ হোটেলে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
রেস্তোরাঁর মালিক কামরুদ্দিন আহম্মেদ খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইফতারির সময় ওই কলেজের ছাত্রলীগের সভাপতি সবুজ অন্য দুজনকে নিয়ে ইফতারি করতে আসেন। হোটেলে জায়গা না থাকায় সবুজ ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় হোটেলের ব্যবস্থাপক আবদুল লতিফ রতন ওই জায়গাটি নিরাপত্তা জোন বিধায় সবুজকে দাঁড়াতে নিষেধ করেন। এতে তিনি উত্তেজিত হয়ে পড়েন।”
পরে সবুজ ফোনে আরো ৩০/৪০ জন যুবককে ডেকে এনে হোটেলে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ওই রাস্তায় কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ইফতারি খাওয়া নিয়ে টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের সঙ্গে হোটেল কর্মচারীদের ঝগড়া হয়। পরে ছাত্ররা জড়ো হয়ে ওই হোটেলে ভাংচুর করেন।
হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী কি না জানতে চাইলে ওসি বলেন, “আমরা নিশ্চিত নই তারা কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা।”
হোটেল মালিক জানিয়েছেন, তিনি মামলা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এএল/২২৪৬ ঘ.
bdnews24