নরসিংদী/ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরায় দুই পীরের সমর্থকদের সংঘর্ষে নিহত একজনের লাশ পেয়েছে পুলিশ।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন শনিবার দুপুরে এ ঘটনায় তিনজন মারা যাওয়ার খবর দিলেও বিকেলে বলেন, তারা একজনের লাশ হাতে পেয়েছেন।
ঘটনাস্থলেই নিহত খোকা মিয়ার (৩৫) লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ফারুক নামে আরেক ব্যক্তির মৃত্যুর খবর দিলেও পরে তারা জানায়, নিহত হয়েছে একজন। নানা সূত্রে খোঁজ নিয়েও ফারুক নামের কারো খোঁজ মেলেনি।
এজাজ নামের আরেকজন মারা গেছে বলে পুলিশ প্রথমে জানালেও পরে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
ওসি বাতেন জানান, শনিবার সকাল ১১টায় রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নে কাচারীকন্দি গ্রামে এ সংঘর্ষ ঘটে। দুই পক্ষ বন্দুক ও টেটা নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলমাস জানান, ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনকে ভর্তি করা হয়।
এরা হচ্ছেন- আল মামুন, আল আমীন, হেলাল উদ্দিন ও সফিকুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডা. সাফিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামসুল আলমের ছেলে এজাজ মিয়াকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।”
এ ঘটনায় আহত আর কেউ এ হাসপাতালে চিকিৎসার জন্য আসেনি বলে জানান তিনি।
সংঘর্ষে আহতদের রায়পুরা হাসপাতাল, নরসিংদী জেলা হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিক ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।
ওসি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ এলাকায় কাশিমপুর ও চরমোনাই পীরের সমর্থকদের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জিএনএ/১৯৪৩ ঘ.
bdnews24