ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গাদের দায়িত্ব মিয়ানমার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ নয়, রোহিঙ্গাদের সহায়তা করা মিয়ানমার সরকারেরই দায়িত্ব।”
পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ এমনিতেই জনবহুল। ইতোমধ্যে সেখানে প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।”
শেখ হাসিনার এই সাক্ষাৎকার শুক্রবার আলজাজিরা অনলাইনেও প্রকাশ করা হয়।
গত মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গা হয়। ওই ঘটনার পর সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়। অবশ্য বাংলাদেশ তাদের ফেরত পাঠিয়ে দেয়।
সে সময় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তাদের আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানালেও দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের কারণে সঙ্কটে থাকা বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিয়েছে- আল জাজিরার এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বিজিবির সদস্যরা তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে। তারা তাদের খাবার, ওষুধ ও অর্থ সহায়তা দিয়েছে। তাদের নিজ বাড়িতে ফিরে যেতে সহায়তা করেছে।”
তাদের ফিরে যেতে সহায়তা করা হয়নি, জোর করে পাঠানো হয়েছে বলে আল জাজিরা অভিযোগ করলে তা অস্বীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “এটা সত্য নয়। তারা তাদের ওপর জোর করেনি। তাদের নিজেদের দেশে ফিরে যেতে সহায়তা করেছে এবং তারা ফিরে গেছে।”
রোহিঙ্গারা বিপদের মুখে দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছে এবং তারা বাংলাদেশে আশ্রয় পায়নি এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমরা তাদের দেশে ফেরত পাঠিয়েছি। তাদের যা যা দরকার হয়েছে আমরা তার সবকিছুই দিয়েছি।”
“আপনারা এ প্রশ্ন আমাকে কেন করছেন? আপনারা মিয়ানমার সরকারকে এ প্রশ্ন করুন। এটা আমাদের দায়িত্ব নয়, তাদের দায়িত্ব।”
রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের প্রতি যে আচরণ করা হয় তা নিয়ে মিয়ানমার সরকারের কাছে কখনো উদ্বেগ জানানো হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “হ্যাঁ আমরা তাদের কাছে উদ্বেগ জানিয়েছি।”
“তারা অনুকূল পরিবেশ তৈরি করছে। তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।”
শেখ হাসিনা বলেন, এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। রোহিঙ্গাদের অবস্থা আগের চেয়ে ভালো। তাই সীমান্তে আর কোনো নতুন রোহিঙ্গা আসছে না।
প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের অনেকেই এখনও টেকনাফের বিভিন্ন শিবিরে অবস্থান করছে। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়।
বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/এএল/২১২৫ ঘ.
bdnews24