২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে সাংবাদিকদের প্রবেশে আর বাধা নেই

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংাবাদিকদের প্রবেশে বাধা তুলে নেওয়া হয়েছে। আর সাংবাদিক ও শিক্ষানবিশ চিকিৎসক- দুই পক্ষই পাল্টাপাল্টি শাহবাগ থানায় মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 06:57 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংাবাদিকদের প্রবেশে বাধা তুলে নেওয়া হয়েছে। আর সাংবাদিক ও শিক্ষানবিশ চিকিৎসক- দুই পক্ষই পাল্টাপাল্টি শাহবাগ থানায় মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন বলেন, “সন্ধ্যায় সাংবাদিক ও ডাক্তারদের প্রতিনিধিরা শাহবাগ থানায় গিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।” এর আগে, শুক্রবার সারাদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসারদের বাধায় ঢুকতে পারেননি সাংবাদিকরা। সন্ধায় আর বাধা দেওয়া হয়নি। চিকিৎসকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদি এবিসি রেডিওর মেডিকেল প্রতিনিধি আজিমুদ্দিন চৌধুরী বুলবুল বলেন, “আমরা রাত ৯টার পর হাসপাতালে ঢুকেছি। ডাক্তার বা আনসাররা আমাদের বাধা দেয়নি।” বাংলাভিশনের মেডিকেল প্রতিবেদক আওরঙ্গজেব সজিব বলেন, “ডাক্তাররা আমাদের সাথে করমর্দন করেছেন।” বৃহস্পতিবার সাংবাদিক ও চিকিৎসক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন বৈঠকের মধ্যস্থতাকারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বুধবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফটকের কাছে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় অন্তত ২০ সাংবাদিক আহত হন। কয়েকটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাও ভেঙে ফেলা হয়। বুধবারের ঘটনায় আহত সাংবাদিকরা রাতেই দুটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অন্যদিকে চিকিৎসকদের পক্ষ থেকে সাংবাদিকদের বিপক্ষে মামলা করা হয় শাহবাগ থানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসইউ/০০৫৩ ঘ.