টাঙ্গাইল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের অভিযোগে শুক্রবার টাঙ্গাইলে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সময়ে দু’দিন আগে অপহৃত এক সরকারি কর্মকর্তাকে উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার মডেল থানা কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বুধবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এলাকা থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফার্মাসিস্ট প্রীতিশ চন্দ্র বসুকে (৫২) অপহরণ করা হয়।
তিনি বলেন, ওইদিন রাতেই তার স্ত্রীর কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় তারা। না দিলে হত্যার হুমকি দেয়।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানোর পর শুক্রবার দুপুরে হুগড়া এলাকায় অভিযান চালানো হয়।
সদরর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজন হলেন টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন (৩২), জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আতিকুর রহমান রনি (২৭) এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল রাব্বি (২৫)।
তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্বার করা হয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24