ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে নদীতে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে আলমাস হত্যাকা-ের প্রধান আসামি সেলিম মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর রাজমনি ইশাখাঁ হোটেলের ৯০৮ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এলিট ফোর্স জানায়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক জোবায়ের সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালিকে সেলিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
সেলিম ওই কক্ষে গত বুধবার থেকে অবস্থান করছিলেন বলে তিনি জানান।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় পুরাতন সোনাকান্দা গ্রামের ধলেশ্বরী নদীর তীরে ড্রেজার দিয়ে নদীতে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের গুলিতে ওই গ্রামের মো. আলমাস (৬৫), মো. সফর (৬৪), আরজ আলী (৪০) ও মো. স্বপন (৪০) আহত হন।
পরে তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমাসকে মৃত ঘোষণা করেন।
আহত স্বপন মিটফোর্ড হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুহিতপুর ইউনিয়নের প্রয়াত আনোয়ার মেম্বারের ছেলে সেলিম ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে ট্রলারে করে পুরাতন সোনাকান্দা গ্রামের নদীর তীরে এসে একটি ড্রেজার দিয়ে মাটি কাটার প্রস্তুতি নেয়।
গ্রামবাসী জড়ো হয়ে মাটি কাটতে বাধা দেয় এবং তাদের ওপর টিল ছুড়তে থাকে। এ সময় সেলিম ও তার দলবল ট্রলার থেকে গ্রামবাসীর উপর গুলি ছুড়লে চারজন আহত হন।
ঘটনার পর নিহত আলমাসের ছেলে সরব আলী সেলিম মাহমুদকে প্রধান আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এইচএ/১৭৩৯ ঘ.
bdnews24