ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমা পেতে আতঙ্ক সৃষ্টি করে চাঁদা চাওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিয়ে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার দুপুরে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফয়েজ আক্তার (২৪) ও বাবুল হাওলাদার ওরফে রাতুল (২৫)।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৮ জুলাই পল্লবীর হারুন উর রশিদ নামে এক ব্যাক্তির বাড়ির নিচতলায় সিড়ির নিচে বোমা স্থাপন করে হারুনের কাছে মোবাইল ফোনে দশ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না দিলে ওই বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, খবর পেয়ে ওই বাসার সিড়ি থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি উদ্ধার করে। তবে বোমাটি তেমন শক্তিশালী ছিল না।
তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৫৪৩ ঘ.
bdnews24