ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জোয়ার সাহারায় নিহত দুই সহোদরের স্বজন খুঁজে পাচ্ছে না পুলিশ।
পুলিশ বলছে, যে বাড়িতে তারা নিহত হন, সেই বাড়িতে পাওয়া বিভিন্ন ঠিকানায় চার দিন ধরে খুঁজেও কাউকে পাওয়া যায়নি।
গত শনিবার বিকালে জোয়ার সাহারার মোল্লাপাড়ার একটি টিনশেড ঘর থেকে জামশেদ ও জাবেদ নামে ওই দুই সহোদরের লাশ উদ্ধার করে পুলিশ। তারপর থেকে লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
পুলিশ নিশ্চিত, একজনকে হত্যার পর অন্যজন আত্মহত্যা করেছে। জামশেদ মানসিক ভারসাম্যহীন ছিল। আর জাবেদ একটি বায়িং হাউজে চাকরি করতেন বলে প্রতিবেশীরা জানিয়েছে।
ভাটারা থানার ওসি জিয়ারুজ্জামান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই ভাইয়ের স্বজনদের খোঁজে গত কয়েকদিনে বিভিন্ন স্থানে গিয়েছি, কিন্তু কোনো স্বজনের খোঁজ পাইনি।”
জাবেদ কোন বায়িং হাউজে কাজ করতেন, সেই ঠিকানা পুলিশ বের করতে পারেনি। তবে তিনি তার আগে ব্যাংক এশিয়ায় কাজ করতেন বলে জানতে পেরেছেন।
“বুধবার ব্যাংক এশিয়ার কারওয়ান বাজার শাখায় গিয়েছিলাম। ব্যাংক থেকে জানানো হয়েছে, জাবেদ ২০০৯ সাল পর্যন্ত তাদের ব্যাংকে শিক্ষানবিশ জেনারেটর অপারেটর হিসেবে কাজ করেছে। তবে তাদের কাছে কোনো ঠিকানা নেই,” বলেন ওসি।
ঘরে পাওয়া জাবেদের পাসপোর্টে ঠিকানা দেওয়া রয়েছে ৭৬, বড় মগবাজার। সে ঠিকানায় গিয়েও তাদের কোনো স্বজন পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তা জিয়ারুজ্জামান জানান।
তিনি বলেন, “নিহত দুই ভাই বিহারি ছিলেন বলে জানতে পেরেছি।”
এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে জানানো হয়েছে, দুই সহোদরকে দেখতে মর্গে কোনো স্বজন আসেনি। স্বজন না পাওয়া গেলে আর দুই-একদিন পর তাদের লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হবে।
জামশেদ ও জাবেদের প্রতিবেশীরা জানিয়েছেন, গত শুক্রবার দিবাগত রাতে সেহরি শেষে দুই সহোদর ঘুমিয়ে পড়েন। দুপুর পর্যন্ত তারা দরজা না খোলায় বাড়ির অন্যদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে জামশেদকে ঝুলন্ত অবস্থায় এবং জাবেদকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়।
ওসি জিয়ারুজ্জামান বলেন, “জামশেদের মুখে পলিথিন পেঁচানো ছিল। ঘর ছিল তালাবদ্ধ, তাই আমরা মোটামুটি নিশ্চিত- এক ভাই আরেক ভাইকে কোনো উপায়ে হত্যার পর আত্মহত্যা করেছেন।”
জোয়ার সাহারার মোল্লাপাড়ার টিনশেড ওই বাড়িতে দুই বছর ধরে ভাড়া থাকতেন জামশেদ ও জাবেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24