ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় আহত সাংবাদিকরা দুটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এবিসি রেডিও’র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রতিনিধি আজিমুদ্দিন চৌধুরী বুলবুল এবং ভোরের কাগজের আলোকচিত্র সাংবাদিক শাহাদাত হোসেন বাদি হয়ে বুধবার রাতে শাহবাগ থানায় মামলা দুটি করেন।
দুই মামলায় ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক শহীদ হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহ. মুশফিকুর রহমান, চিকিৎসক নাজমুল হাকিম শাহীন, সুদীপ রঞ্জন দেব, সুরজিত দাস, শিক্ষানবিশ চিকিৎসক জুয়েল, জাহিদ, প্রিতম, রোজেন, রাসেল ও লাভলীসহ দেড়শ জনকে আসামি করা হয়েছে।
অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্র্যাবের সভাপতি আকতারুজ্জামান লাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে মামলা দুটির কপি শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলামকে তারা দেন। ওসি কপিগুলো দেখে সঙ্গে সঙ্গে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার নুরুল ইসলামের কাছে চলে যান।
“রাত পৌনে ১১টার দিকে ওসি থানায় ফিরে মামলা গ্রহণের প্রক্রিয়া শুরু করেন,” বলেন লাবলু।
ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মামলায় যা উল্লেখ আছে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।”
এছাড়া দেশ টিভি, জিটিভি এবং সমকাল পত্রিকার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। মামলা দায়েরের সময় সাংবাদিকদের সঙ্গে থানায় বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের নেতারা থানায় উপস্থিত ছিলেন।
দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফটকের কাছে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন। কয়েকটি টেলিভশন চ্যানেলের ক্যামেরাও ভেঙে ফেলা হয়।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হামলার ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
গত ২২ জুলাইও ঢাকা মেডিকেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায় শিক্ষানবিশ চিকিৎসকরা। কয়েকটি ক্যামেরাও সেদিন ভাংচুর করে তারা। এর রেশ ধরে বুধবারও হামলা হয়।
এদিকে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলও হয়েছে।
বুধবার ঢামেকে শিক্ষানবিশ চিকিৎসদের হামলা কমপক্ষে ২০ জন গণমাধ্যমকর্মী আহত হন। এদের মধ্য আলোকচিত্র সাংবাদিক সাজ্জাদ নয়নের ক্যামেরা এবং জিটিভির ক্যামেরা কেড়ে নিয়ে যায় হামলাকারীরা।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন ফোকাস বাংলার আলোকচিত্র সাংবাদিক বাদশা, সমকালের আলোকচিত্র সাংবাদিক নয়ন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক নাসিরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক আলমগীর হোসেন, জাস্ট নিউজ ২৪ এর নিজস্ব প্রতিবেদক সুমন, ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক আসলাম রহমান, দৈনিক করতোয়ার রুদ্র রাসেল, দেশ টিভির নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান, চিত্রধারক মোহাম্মদ সুমন এবং বাংলাভিশনের চিত্রধারক সেলিম।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিপন নামের এক রোগী চিকিৎসায় অবহেলার অভিযোগ আনায় সাংবাদিকরা দুপুরে খবর সংগ্রহ করতে ঢাকা মেডিকেলে যান। এ সময় ‘ইন্টার্ন’ চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরা মিলে সংবাদকর্মীদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/সিএস/এমআই/০০৩৮ ঘ.
bdnews24