ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি তদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষ প্যানেল গঠনে করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান গোলাম রহমান।
বুধবার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে (দুদক) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
গোলাম রহমান বলেন, “পদ্মা সেতু দুর্নীতির তদন্তে বিশেষজ্ঞ তিন জনের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠন হবে। এই প্যানেল দুদকের সঙ্গে কাজ করবে।”
প্রাকযোগ্যতা নির্বাচন এবং পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সেপ্টেম্বরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুতে প্রতিশ্রুত ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক।
এছাড়া প্রকল্পে দুর্নীতির তদন্তের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তাদের অপসারণ এবং দেশীয় ও আন্তর্জাতিক তদন্তের শর্তারোপ করে আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থাটি।
তদন্তের ক্ষেত্রে বিশ্বব্যাঙ্কের শর্ত ছিল অভ্যন্তরীন তদন্তের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠন এবং তদন্ত সম্পর্কিত তথ্য ওই টিমের সঙ্গে বিনিময় করা।
কিন্তু সরকার বিশ্বব্যাঙ্কের পরিপূর্ণভাবে পালন করেনি অভিযোগে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এর এক মাসের মধ্যে গত ২৩ জুলাই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সাবেক যোগাযোগ এবং বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
দুর্নীতির অভিযোগ উত্থাপনের পর থেকে দুদক একক ভাবে তদন্ত কাজ পরিচালনা করে এলেও বুধবার সংস্থটির চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বললেন , “কমিশন তথ্য বিনিময়ে সম্মত রয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২১২২ ঘ.
bdnews24