২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর ফের হামলা ঢাকা মেডিকেলে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে মেডিকেলের জরুরি বিভাগের ফটকের কাছে এই হামলার সময় কয়েকটি টেলিভশন চ্যানেলের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সুফিয়ান জানান, রিপন নামের এক রোগী চিকিৎসায় অবহেলার অভিযোগ আনায় সাংবাদিকরা দুপুরে খবর সংগ্রহ করতে ঢাকা মেডিকেলে যান। এ সময় ‘ইন্টার্ন’ চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরা মিলে সংবাদকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক নাসিরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক আলমগীর হোসেন, ফোকাস বাংলার আলোকচিত্র সাংবাদিক বাদশা ও সমকালের আলোকচিত্র সাংবাদিক নয়নসহ বেশ কয়েকজন আহত হন। তবে হামলার সময় পুলিশ নিরব ভূমিকা পালন করে বলে অভিযোগ করেছেন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মুনীরুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি দেখছি।” শিক্ষানবিশ চিকিৎসকরা গত ২২ জুলাই কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায়। কয়েকটি ক্যামেরাও সেদিন ভাংচুর করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসডব্লিউ/জেকে/১৫৫৫ ঘ.