রাঙামাটি, ২৫ জুলাই (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের লড়িছড়ামুখ এলাকা থেকে এক নৌকা ও এর চালকসহ নয় গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম চৌধুরী বলেন, “গ্রামের লোকজনদের কাছ থেকে শুনেছি বুধবার সকালে নয়জন গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে।”
“পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।“
অপহৃতরা হলেন- বিজয় চাকমা (৩৮), চন্দ্রশেখর চাকমা (২৫), তরুন চাকমা (২৯), অরুন চাকমা (৪২), সাধনমিত্র চাকমা (৩০), জ্ঞান বিকাশ চাকমা (৩৩), ইন্দ্র রঞ্জন চাকমা (৩৫), মিন্টু চাকমা (২৫) এবং অপর একজনের নাম জানা যায়নি। অপহৃতদের সবার বাড়ি করল্যামুড়া ও সাহজবান্দা গ্রামে বলে স্থানীয়রা জানিয়েছে।
বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান বরুন কান্তি চাকমাও এই অপহরণের সত্যতা স্বীকার করেন।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা ও ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা পরস্পরের সংগঠনের বিরুদ্ধে এই অপহরণের জন্য অভিযোগ করেছেন।
স্থানীয় গ্রামবাসীরা জানায়ন, সকাল ৭টার দিকে ১৩/ ১৫ জন গ্রামবাসী একটি ইঞ্জিন চালিত নৌকায় করে রাঙামাটি শহরের বনরুপা বাজারে সাপ্তাহিক হাটে যাওয়ার পথে বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লড়িছড়ামূখ এলাকায় অপহৃত হন।
নৌকার অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে বোটসহ নয় গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫৮ ঘ.
bdnews24