২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিনের সফরে বুধবার যুক্তরাজ্য রওনা হচ্ছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিনের সফরে বুধবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২৭ জুলাই লন্ডনে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। এর আগে, সেদিন বিকালেই বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া রাজকীয় সংবর্ধনায় যোগ দেবেন তিনি। এছাড়া বৃটিশ পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা লেবার পার্টির এড মিলিব্যান্ডের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে। প্রধানমন্ত্রী বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। লন্ডনের স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৩টায় শেখ হাসিনার হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। প্রধানমন্ত্রী লন্ডনে হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয় অবস্থান করবেন। যুক্তরাজ্যভিত্তিক বাংলা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বুধবার হোটেলে ইফতার করবেন শেখ হাসিনা। পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টায় সেইন্ট প্যানক্রাসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কনমওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। দুপুরে বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের নির্ধারিত সর্বদলীয় সংসদীয় দল শেখ হাসিনার সঙ্গে দেখা করবে। এরই মাঝে হাউজ অব লর্ডসে রক্ষণশীল দলের সদস্য উইম্বলডনের লর্ড আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। একুশের অমর গানের রচয়িতা কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরী শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সেদিন বিকালে রানীর দেওয়া রাজকীয় সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বাকিংহাম প্যালেস থেকে তিনি সরাসরি চলে যাবেন অলিম্পিক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এরপর, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রতিনিধিদল, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিদল, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ ক্যাটারারস্ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। শনিবার রাতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা। দেশের উদ্দেশে রোববার বিকালে লন্ডন থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল সাড়ে ৮টায় তার দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১০৯ ঘ.