২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ কয়েকটি অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জাহেদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

সিরাজগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ কয়েকটি অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জাহেদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়। মঙ্গলবার বিকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকারের কাছে ফ্যাক্স বার্তায় ওই পত্রটি পাঠানো হয়। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (প্যানেল-১) খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে অসদাচারণের অভিযোগে গত ২৪ মে এই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে তার অপসারণের দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনারে কাছে লিখিত অভিযোগ দেন ভাইস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানরা। এর পরিপ্রেক্ষিতে ১২ জুলাই বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায় বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা পান। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ২৩ জুলাই এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বরখাস্ত চেয়ারম্যানের পরিবর্তে ভাইস চেয়ারম্যান (প্যানেল-১) খলিলুর রহমানকে আর্থিক লেনদেনের ক্ষমতা দেওয়া হয়েছে। ২০০৮ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে জাহেদুল হক নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৭ ঘ.