বগুড়া, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর ছাত্রদলের ধর্মঘট আহ্বানের প্রেক্ষাপটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পর মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে হলগুলোও খালি করা হয়েছে।
সোমবার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিলের এক সভায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার ছাত্রদল ক্যাম্পাসে মিছিল ও সমাবেশের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ৩ নেতা-কর্মী আহত হয়।
হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল মঙ্গলবার কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে। এতে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দিলে মঙ্গলবার বিকালে একাডেমিক কাউন্সিল বৈঠকে বসে।
অধ্যক্ষ ডা. মাহবুবুল করিমের সভাপতিত্বে ওই সভায় উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহবুল আলম পিপলু অভিযোগ করেন, তাদের ওপর ‘হামলার’ বিচারের দাবিতে ছাত্রদল যখন ধর্মঘট আহ্বান করে ঠিক সেই সময় কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করল। ‘হামলাকারীদের’ বিচার না করে কলেজ বন্ধ ঘোষণা ঠিক হয়নি।
কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি রাসেল পারভেজ বলেন, কলেজে তিনটি পরীক্ষা চলছিল। এ সময় কলেজ বন্ধ ঘোষণা দুঃখজনক ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৪৫ ঘ.
bdnews24