২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের জন্য রাবিতে শোক মিছিল

নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোক মিছিল ও সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোক মিছিল ও সমাবেশ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় ঈসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে শোক মিছিলটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌনে ১১টায় মিছিলটি আবারো ঈসমাইল হোসেন সিরাজী ভবনের সামনের আসে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করেন নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় সমাবেশে অন্য বিভাগের শিক্ষার্থীদেরও দেখা যায়। সমাবেশে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ আব্দুল জলিল বলেন, “হুমায়ূন আহমেদের মৃত্যুতে বাংলা সাহিত্যের অঙ্গন থেকে আমরা একটি নক্ষত্রকে হারিয়ে ফেললাম। “কথা সাহিত্যের পাশাপাশি নাটক ও লোকসঙ্গীতের বিকাশে তিনি যে ভূমিকা রেখেছেন তা ভোলার নয়।” এই বিভাগেরই শিক্ষক কাজী শুসমিন আফসানা বলেন, “হুমায়ূন আহমেদ এদেশের তারুণদের মাঝে জাগরণ সৃষ্টি করেছিলেন। হিমু, মিসির আলী, শুভ্র ও বাকের ভাইয়ের মতো চরিত্রের জন্য তিনি যুগ যুগ বেঁচে থাকবেন।” সমাবেশে অন্যদের মধ্যে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক ড. কৃষ্ণপদ মণ্ডল, ড. অসিত রায়, ড. মাফরুহা হোসেন, ড. শাহরিয়ার হোসেন, শায়লা তাসমীন, হাবিব জাকারিয়া, ড. পদ্মিনী দে, আব্দুল হালিম প্রামাণিক, মীর মেহবুব আলম, ড. দীনবন্ধু পাল প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে হুমায়ূনের স্মৃতির উদ্দেশ্যে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে গানটি পরিবেশন করা হয়। এ সময় লেখকের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করেন সমবেতরা। গত ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। ক্যান্সারের চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএইচ/১৭১৯ ঘ.