২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃক্ষছায়ায় চিরনিদ্রায় হুমায়ূন

যে স্থানটি ছিল তার নিজের ‘জীবনের চেয়েও’ প্রিয় সেই নুহাশ পল্লীতেই সমাহিত হলেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

আবুল হোসেন, মামুনুর রশিদ ও আশিক হোসেন গাজীপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে স্থানটি ছিল তার নিজের ‘জীবনের চেয়েও’ প্রিয় সেই নুহাশ পল্লীতেই সমাহিত হলেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদ। দূর-দূরান্ত থেকে হুমায়ূনের এই বাগানবাড়িতে এসে অশ্রুনয়নে এ নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতাকে শেষ বিদায় জানালেন ভক্ত-পাঠক, বন্ধু-স্বজন ও স্থানীয় বাসিন্দাসহ হাজারো মানুষ। আকাশও যেন বৃষ্টি ঝরালো তারই শোকে। যাদের কাঁধে চেপে খাটিয়ায় শোয়া হুমায়ূন কবরে নামেন, তাদের একেবারে সামনে ছিলেন লেখকের বড় ছেলে নুহাশ। তার পরনের নীল পাঞ্জাবীও বৃষ্টিতে সিক্ত। হুমায়ূনের প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের মেয়ে শীলা ও নোভা; দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন এবং তাদের দুই সন্তান নিষাদ ও নিনিত; লেখকের ভাই মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব এবং তাদের দুই বোনও উপস্থিত ছিলেন এ সময়। মঙ্গলবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে হুমায়ূনের মরদেহ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয় একটি অ্যাম্বুলেন্স। ওই অ্যম্বুলেন্সের সঙ্গেই বেলা ১২টা ৫ মিনিটে নুহাশ পল্লীতে পৌঁছান শাওন ও তার দুই সন্তান। এর কিছুক্ষণ আগেই নুহাশ, শীলা ও নোভাকে নিয়ে পৌঁছান জাফর ইকবাল ও আহসান হাবীব। নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে ঢাকায় পরিবারের সদস্যরা লেখকের দাফনের স্থান চূড়ান্ত করার পরপরই তারা প্রস্তুতি নিতে শুরু করেন। সকালে কবর খোঁড়া শুরু হয়। হুমায়ূনের দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনও ছিল তৎপর। ঢাকা থেকে হুমায়ূনের শবযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ছাড়াও প্রায় শ’খানেক গাড়ির বহরে ছিল পুলিশের বিশেষ নিরাপত্তা। রাজধানীর উত্তরা থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন স্থানে পথের দুই ধারে দাঁড়িয়ে শত শত মানুষকে হুমায়ূনের শেষযাত্রার জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ হাত নেড়ে শেষ বিদায় জানিয়েছেন প্রিয় লেখককে, কেউ ফুল ছুড়ে দিয়েছেন প্রিয় মানুষটির উদ্দেশ্যে। হুমায়ুন আহমেদকে শেষ বিদায় জানাতে ভক্তরা সকাল থেকেই নূহাশ পল্লীতে ভিড় করতে শুরু করেন। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও তারা অপেক্ষা করতে থাকেন প্রিয় লেখকের জন্য। এক পর্যায়ে পিরুজালি প্রাম থেকে নুহাশ পল্লী পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কও লোকারণ্যে পরিণত হয়। গাজীপুরের জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এবং স্থানীয় সংসদও সেখানে উপস্থিত ছিলেন। বেলা দেড়টার দিকে স্থানীয় মসজিদের ইমাম মজিবুর রহমানের পরিচালনায় হুমায়ূনের জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। এর পরপরই তাকে শোয়ানো হয় লিচু তলায় খোঁড়া কবরে, যে স্থানটিতে শেষ শয্যায় শায়িত হওয়ার ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন তিনি অনেক আগেই। দাফনের পর সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে হুমায়ুনের ভাই অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, “হুমায়ূন আহমেদ বৃষ্টি পছন্দ করতেন। সেই বৃষ্টির মাঝেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিউ ইয়র্কে তার জানাজার সময়ও বৃষ্টি হয়েছে। এখানেও দাফন ও জানাজার সময় বৃষ্টি হয়েছে।” বৃষ্টির প্রতি হুমায়ূনের দুর্বলতার কথা বলতে গিয়ে নুহাশপল্লীতে ‘বৃষ্টি বিলাস’ নামে তার একটি রেস্ট হাউজ থাকার কথাও এ সময় উল্লেখ করেন জাফর। সুষ্ঠভাবে দাফন সম্পন্ন হওয়ায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান। ভাইয়ের কবরের স্থান নির্ধারণ সম্পর্কে রম্যলেখক আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি খেয়লী মানুষ ছিলেন, মৃত্যু নিয়ে ঠাট্টা তামাশা করতেন। একবার লিচু বাগানে গেছেন। জায়গাটা তার পছন্দ হয়েছে। বলেছেন, এখানেই আমাকে কবর দিও। আবার তেঁতুল গাছের কাছে গেছেন, তার ভাল লেগেছে, বলেছেন, এখানেই আমাকে কবর দিও।” আহসান হাবীব জানান, হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদ ও তার ছোট মেয়ে বিপাশা আহমেদের মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে। গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সেখানেই তার প্রথম জানাজা হয়। সোমবার সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ দিয়ে ফুল দিয়ে শুরু হয় শ্রদ্ধানিবেদন পর্ব। এরপর জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার পর বারডেম হাসপাতালের হিমঘর রাখা হয় লেখকের মরদেহ। মঙ্গলবার দাফনের বিষয়টি চূড়ান্ত হলেও লেখককে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত মতবিরোধ চলে পরিবারের সদস্যদের মধ্যে। হুমায়ুনের বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতেই স্বামীর কবর চাইলেও সাবেক স্ত্রী গুলতেকিন আহমেদের সন্তানরা তাদের বাবাকে ঢাকায় দাফনের পক্ষে মত দেন। এই নিয়ে সোমবার দিনভর টানাপোড়েন চলে। পরিবারের মধ্যে মতদ্বন্দ্বের অবসানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা কয়েক দফা দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন। এরপর রাত আড়াইটার দিকে সংসদ ভবন এলাকায় নানকের বাড়ি থেকে বেরিয়ে হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, নুহাশ পল্লীতেই দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এএমটি/জেকে/১৫৫০ ঘ.