২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল হোসেনের বাড়িতে মুহিত

পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বাড়িতে গেলেও তার দেখা পাননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 06:28 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বাড়িতে গেলেও তার দেখা পাননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা ৭টায় আবুল হোসেনের গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির ফটক দিয়ে অর্থমন্ত্রীর গাড়ি ঢুকতে দেখা যায়। অর্থমন্ত্রী গাড়িতে থাকা অবস্থায়ই সেখানে অবস্থানরত পুলিশের সঙ্গে কথা বলে এক মিনিটের মধ্যেই দ্রুত গাড়ি নিয়ে আবার বেরিয়ে যান। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার ঋণ বাতিল করার পর সরকার নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণের ঘোষণা দিলেও বিশ্ব ব্যাংককে এই প্রকল্পে ফিরিয়ে আনতে অর্থমন্ত্রীর চেষ্টা স্পষ্ট। দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের পদ্মা প্রকল্পে তাদের ঋণচুক্তি বাতিল করে। এই সিদ্ধান্ত গ্রহণের পক্ষে সংস্থাটির যুক্তি, দুর্নীতির অভিযোগ ওঠার পর দায়িত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিতদের মধ্যে যাদের নাম এসেছে, তদন্তের পুরো সময় ছুটিতে পাঠাতে বলা হলেও সরকার তা মানেনি। এরপর সরকারের পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি আবুল হোসেনও কয়েকদিন আগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্যেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের বলেন, “বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি গোল্ডস্টেইনের (অ্যালেন) দেওয়া চারটি প্রস্তাবের মধ্যে চতুর্থটি মেনে নেওয়ায় একটু অসুবিধা ছিল। আমরা চেষ্টা করছি, এটাও কীভাবে সমাধান করা যায়।” চতুর্থ শর্তটিই ছিল- তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে সরকারি ব্যক্তি অর্থাৎ আমলা ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের ছুটি দেওয়া। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগওঠার পর ১০ মাসের টানাপোড়েন শেষে সোমবার আবুল হোসেন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন বলে সরকারের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে। এদিন মন্ত্রিসভার বৈঠকে ছিলেন না বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবুল হোসেন। সকালে নিজের বাসা থেকে তিনি পতাকাবিহীন গাড়ি নিয়েই বের হন বলে মন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সরকারের ওই সূত্র বলেছে, পদ্মা প্রকল্প নিয়ে দুর্নীতির তদন্ত চলাকালে দায়িত্বপূর্ণ পদে না থাকার ইচ্ছা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আবুল হোসেন। মন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এন আই খান সন্ধ্যা পৌনে ৬টায় আবুল হোসেনের বাড়িতে ঢোকেন। ৬টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। অর্থমন্ত্রীর মতো তিনিও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএইচএ/এআরএইচ/এমআই/০০২৫ ঘ.