ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সাড়ে তিন বছরে মন্ত্রিসভায় নেওয়া ১ হাজার ৫৫টি সিদ্ধান্তের মধ্যে ৯৭৪টিই বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৯২ শতাংশ।
এর মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে মন্ত্রিসভায় নেওয়া ১৫৪টি সিদ্ধান্তের মধ্যে ১১৯টি বাস্তবায়ন হয়েছে। এক্ষেত্রে বাস্তবায়নের হার ৭৪ শতাংশ।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেইন ভূইঞা এই প্রতিবেদন উপস্থাপন করেন।
পরে মন্ত্রিপরিষদ সচিব প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের মেয়াদে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক। কারণ এতে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৯২ শতাংশ, যা গত সরকারের সময় ছিল ৭২ দশমিক ৭৬ শতাংশ।
উপস্থাপিত তথ্যে বলা হয়, গত সরকারের প্রথম সাড়ে তিন বছরে মন্ত্রিসভায় নেওয়া ৫৪৪টি সিদ্ধান্তের মধ্যে ৩৯৫টি বাস্তবায়িত হয়েছিল।
মোশাররাফ হোসেইন জানান, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর ২০০৯ সালে ৩১৬টি সিদ্ধান্ত নেওয়া হয়, এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৩১১টি।
পরের বছর সিদ্ধান্ত হয় ৩১১টি, বাস্তবায়ন হয় ২৯৯টি। ২০১১ সালে সিদ্ধান্ত হয় ২৭৪টি, বাস্তবায়ন হয়েছে ২৪৫টি। চলতি বছরে ১৫৪টি সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়িত হয় ১১৯টি।
সচিব বলেন, গত তিন বছরে ১৮০টি আইন প্রণয়ন এবং ১২টি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশগুলোও পরে আইনে পরিণত হয়েছে। বর্তমানে আরো ৩৩টি আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। এর ১৬টি সংসদে প্রক্রিয়াধীন ও ১৭টি রয়েছে মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে।
সাড়ে তিন বছরে বর্তমান সরকার ৮৬টি আন্তর্জাতিক চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছে। নীতিমালা এবং কর্মপরিকল্পনা প্রণয়ন হয়েছে ৩৩টি।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি অনুসমর্থন, ‘সার্ক অ্যাগ্রিমেন্ট অন মাল্টিলেটারাল অ্যারেঞ্জমেন্ট অন রিকগনিশন অব কনফরমিটি অ্যাসেসমেন্ট’ ও ‘সার্ক অ্যাগ্রিমেন্ট অন ইমপ্লিমেনটেশন অব রিজিওনাল স্ট্যান্ডার্ডস’ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮১৩ ঘ.
bdnews24