নোয়াখালী, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর থেকে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে সড়কের পাশ থেকে পা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মনিরুজ্জামান শামীম (২২) বেগমগঞ্জ উপজেলার লাউতলী উপজেলার অজিউল্লার ছেলে। কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলী এলাকায় তার ওষুধের দোকান রয়েছে।
গেনবাগ থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান জানান, রোববার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
সকালে সড়কের পাশে লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে সেনবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
সুরতহাল প্রতিবেদনে লাশের মাথায়, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
দুপুরে মনিরুজ্জামানের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২০ ঘ.
bdnews24