২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমজুড়ে হুমায়ূন

বৃহস্পতিবার রাতে নন্দিত কথাশিল্পীর মৃত্যুর ‘ব্রেকিং নিউজ’ দিয়ে শুরু, শুক্রবার দিনভর অনলাইন সংবাদপত্রগুলোর প্রচ্ছদ পাতা আর টিভি চ্যানেলগুলোয় পর্দায় হুমায়ূন আহমেদ ছিলেন সংবাদ আর স্মৃতিচারণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যু নাড়া দিয়ে গেছে দেশের গণমাধ্যমগুলোকেও। বৃহস্পতিবার রাতে নন্দিত কথাশিল্পীর মৃত্যুর ‘ব্রেকিং নিউজ’ দিয়ে শুরু, শুক্রবার দিনভর অনলাইন সংবাদপত্রগুলোর প্রচ্ছদ পাতা আর টিভি চ্যানেলগুলোয় পর্দায় হুমায়ূন আহমেদ ছিলেন সংবাদ আর স্মৃতিচারণায়। বৃহস্পতিবার মধ্য রাতে বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম জনপ্রিয়তার অধিকারী এই কথাশিল্পীর মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পর পরই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন অনলাইন প্রত্রিকা, টিভি চ্যানেলে সংবাদ পরিবেশন করতে থাকে একের পর এক। সচরাচর সংবাদের ঘাটতি থাকা ছুটির দিন শুক্রবারে গণমাধ্যমের কার্যালয়গুলো মহাব্যস্ত হয়ে পড়ে। বেসরকারি টেলিভিশনগুলোর খবরগুলোর বেশিরভাগ সময় জুড়ে থাকে হুমায়ূন আহমেদ। বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ বুলেটিন প্রচার করে। একই সঙ্গে দেখানো হয় হুমায়ূন আহমেদের চলচিত্র, নাটক, সাক্ষাতকার। অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক, টুইটার, ইউটিউব আর ব্লগগুলোতে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করে। অনেকেই তার আত্মার শান্তি কামনা করে ফেইসবুকে ‘স্ট্যাটাস’ দেন। অনেকে অন্যদের জানাতে তার মৃত্যুর খবর ‘শেয়ার’ করেন। চ্যানেল আই দুপুর দুইটা থেকে বিজ্ঞাপন বিরতিসহ মোট ৫০ মিনিটের সংবাদ পরিবেশন করে। এর মধ্যে কোনো বিরতি ছাড়া টানা ৩৪ মিনিট ছিল হুমায়ূন আহমেদের মূত্যু সংবাদ এবং তাকে নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতিক্রিয়া নিয়ে নানা সংবাদ। এটিএন বাংলার দুপুর দুইটার খবরে পাঁচটি শিরোনামই ছিল হুমায়ূন আহমেদকে নিয়ে। অন্য চ্যানেলগুলোও একই ধরনের গুরুত্ব দিয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করে। চ্যানেল আইয়ের সম্পাদক সাইফুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমায়ুন আহমেদকে হারিয়ে সারা দেশের মানুষের মতো আমরা চ্যানেল আই পরিবারও শোকাহত। আর এ বিষয়টি বিবেচনায় রেখেই শুধু সংবাদ নয়, হুমায়ূন আহমেদকে নিয়ে অন্যান্য অনুষ্ঠানও গুরুত্ব সহকারে উপস্থাপন করছি।” তিনি জানান, দুপুর ২টার খবরে হুমায়ূন আহমেদকে নিয়ে মোট ১৩টি সংবাদ পরিবেশন করা হয়েছে। এটিএন বাংলার বার্তা সম্পাদক সাইদ ইসলাম বলেন, “মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই আমরা হুমায়ূন আহমেদকে নিয়ে বেশ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করছি।” জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুর খবরে বাংলাদেশের সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। বিভিন্ন গণমাধ্যমে তারা বলছেন, এই কথাশিল্পীর মৃত্যু তাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে শোকের, সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি। ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে মারা যান হুমায়ূন। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক হুমায়ূন আহমেদের বয়স হয়েছিল ৬৪ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/২১৩৯ ঘ.