২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুমায়ূন ভাইয়ের কারণেই আমি আজ কণ্ঠশিল্পী’

নিজের আবেগগুলোকে বেঁধে রাখলেও রসবোধ আর আন্তরিকতা দিয়ে সবাইকে তিনি আচ্ছন্ন রাখতেন সারাক্ষণ- কথাশিল্পী হুমায়ূন আহমেদকে নিয়ে নিজের আবেগের কথা এভাবেই প্রকাশ করেছেন সংগীত শিল্পী বারী সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের আবেগগুলোকে বেঁধে রাখলেও রসবোধ আর আন্তরিকতা দিয়ে সবাইকে তিনি আচ্ছন্ন রাখতেন সারাক্ষণ- কথাশিল্পী হুমায়ূন আহমেদকে নিয়ে নিজের আবেগের কথা এভাবেই প্রকাশ করেছেন সংগীত শিল্পী বারী সিদ্দিকী। তার দৃষ্টিতে শুধু বাংলাদেশের নয়, হুমায়ূন ছিলেন দুই বাংলারই ‘প্রবাদ পুরুষ’। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃহদান্ত্রের ক্যান্সরে আক্রান্ত হুমায়ূন। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম নেওয়া এই কথাশিল্পীর বয়স হয়েছিল ৬৪ বছর। তার মৃত্যুতে আবেগাপ্লুত বারী সিদ্দিকী শুক্রবার তার ধানমণ্ডীর বাসায় বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মামুনুর রশিদ ও আশিক হোসেনকে বলেন, “আমার কণ্ঠশিল্পী হিসাবে পরিচিত হওয়ার পুরো কৃতিত্বই হুমায়ূন ভাইয়ের। এর আগে আমার পরিচিতি ছিলো একজন ক্লাসিক্যাল বাঁশিবাদক হিসাবে।” হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রটির অধিকাংশ গানই বারী সিদ্দীকির গাওয়া। ওই চলচ্চিত্রের ‘সুয়া চাঁন পাখি’, ‘আমার গায়ে যতো দুঃখ সয়’, ‘ও রে ভাবীজান’ এর মতো গানগুলো বহুদিন মানুষের মুখে মুখে ফিরেছে। মূলত এই ছবির মধ্য দিয়েই বারী সিদ্দিকী একজন ‘পুরোদস্তুর’ সংগীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি বলেন, “এই ছবিটি মূলত গাননির্ভর। শুধু গানগুলো ব্যবহারের জন্য হুমায়ূন ভাই উপন্যাসকে ভেঙেছেন, একাধিকবার স্ক্রিপ্ট পরিবর্তন করেছেন।” জনপ্রিয় লেখক হুমায়ূনের সঙ্গে প্রথম পরিচয়ের কথা মনে করে তিনি বলেন, “আমাদের দুজনের বাড়িই নেত্রকোণা। আমি আগে থেকেই তাকে চিনতাম। কিন্তু তিনি আমাকে চেনেন আমার বাঁশির সূত্র ধরে। ঊনিশশ নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে তার ৪৮ কি ৪৯তম জন্মদিনে আমার বাঁশি শোনার জন্য তার বাসায় দাওয়াত দিয়েছিলেন। “ওই অনুষ্ঠানে বাঁশির সঙ্গে আমার কয়েকটি গান শুনে তিনি তার পরিচালনায় ঈদের অনুষ্ঠানে ‘রঙের বাড়ই’ গানটি গাওয়ার প্রস্তাব দেন। ওই অনুষ্ঠানেই আমি সর্বপ্রথম হুমায়ূন ভাইয়ের খুবই প্রিয় ‘আমার গায়ে যতো দুঃখ সয়’ গানটি গাই।” পরে শ্রোতাদের মাঝেও দারুণ জনপ্রিয়তা পায় বারীর কণ্ঠের ‘আমার গায়ে যতো দুঃখ সয়’ গানটি। তিনি বলেন, “শ্রুতি স্টুডিওতে যেদিন আমরা গানটি রেকর্ড করি, সেদিন আমি হুমায়ূন ভাইকে কাঁদতে দেখেছি। উনার স্বভাব ছিলো ইমোশনগুলোকে বেঁধে রাখা। এই সেদিন এই গান শুনে তিনি সবার সামনে ঝরঝর করে কেঁদেছিলেন।” “কেউ গরিব অর্থের জন্য, কেউ গরিব রূপে, এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে” হুমায়ূনের লেখা এই গানটি তেমন সমাদৃত না হলেও বারী সিদ্দিকীর জীবন এই গানের দর্শনে দারুণভাবে প্রভাবিত বলে জানান। হুমায়ূনের সঙ্গে কাটানো সবচেয়ে অনন্দময় স্মৃতির কথা জানতে চাইলে বারী বলেন, “তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই সমান আনন্দের। স্বভাবগত রসবোধ আর আন্তরিকতা দিয়ে তিনি সবাইকে আচ্ছন্ন রাখতেন।” তবে নব্বইয়ের দশকের শেষ দিকে গাজীপুর হুমায়ূনের ‘নুহাশ পল্লী’ গড়ে তোলার দিনগুলোতে জ্যোৎসনা রাতে মাঠের মধ্যে সারারাত গানে গানে কাটানোর সময়টি বিশেষভাবে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/জেকে/২১১৮ ঘ.