২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবি’র এসএসসি’র খাতা বাইরে, পরীক্ষার্থী গ্রেপ্তার

শেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালে খাতা কেন্দ্রের বাইরে পাঠানোর অভিযোগে এক শিক্ষার্থী আটক হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

শেরপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালে খাতা কেন্দ্রের বাইরে পাঠানোর অভিযোগে এক শিক্ষার্থী আটক হয়েছেন। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কেন্দ্রে শুক্রবার গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আটক পরীক্ষার্থী হলেন শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের বাউবি স্ট্যাডি সেন্টারের ছাত্র কামাল হোসেন। কামাল শেরপুর সদরের মধ্যবয়রা গ্রামের প্রয়াত আব্দুল হাইয়ের ছেলে। কেন্দ্র সচিব শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক সাঈদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রের ১নম্বর কক্ষে ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে গণিত পরীক্ষায় তিনজন অনুপস্থিত থাকার সুযোগে কামাল হোসেন তার খাতা ছাড়া অতিরিক্ত আরো দুটি খাতা নেন কৌশলে। একটি খাতায় নিজের রোল নম্বর লিখে রেখে দেন। আরেকটিতে কিছু না লিখে দোতলা থেকে জানালা দিয়ে নিচে ফেলে দেন। তিনি আরো বলেন, কিন্তু দু’টি খাতা কম পড়ার বিষয়টি কিছুক্ষণের মধ্যে জানাজানি হয়। এরপর খোঁজাখুঁজি শুরু হলে কামাল নিচে নেমে আসেন। তাতে সন্দেহ হলে কেন্দ্র সচিব তাকে চ্যালেঞ্জ করেন এবং খাতা বাইরে পাঠানোর বিষয়টি ফাঁস হয়ে যায়। এরপর তিনি ওই পরীক্ষার্থীকে গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় কামাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে বলে জানান কেন্দ্র সচিব। ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ওই পরীক্ষার্থীকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গত ২৯ জুন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির এক পরীক্ষার্থী বাংলা প্রথমপত্রের প্রশ্ন ও উত্তরপত্র বাসায় নিয়ে যান। লিখার পর কেন্দ্রে নিয়ে আবার জমা দেওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন। এরপর ৭ জুলাই শেরপুরের শ্রীবরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের বাইরে খাতা এনে হোটেলে বসে লেখার সময় ধরা পড়েন পরীক্ষার্থী দম্পতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.