ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকট)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল।
শুক্রবার দুপুরে তাদেরকে রাজধানীর নিকুঞ্জ ও পুরান ঢাকার গেণ্ডারিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর একটি দল নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করে শাহ ইমরান (২২), মো. রাজিব (২০), সাইদুল ইসলাম (২৪), নাদের জামিল চৌধুরী (২৬), মশিউর রহমান (৩০), মো. হাসান (২৪), মহিউদ্দিন মাহি (৩০), মো. মুরাদুজ্জামান (২৪) ও মোশারফ হোসেনকে (২০)। আর গেণ্ডারিয়া থেকে গ্রেপ্তারকৃতরা হলেন, সোহরাব হোসেন (২১), মাকসুদুল ইসলাম (৩২), মাহবুব সাকিব (১৭) ও কামরুল ইসলাম (২৫)।
র্যাব সদর দপ্তরে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল দাবি করেন, “র্যাবের কাছে খবর রয়েছে একটি বিদেশি টিভি চ্যানেলের কয়েকজন প্রতিনিধি বাংলাদেশের একটি পাঁচতারা হোটেলে অবস্থান করছে। ওই প্রতিনিধিদের এবং দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ইন্ধনে হিযবুত তাহরীর সদস্যরা তৎপরতা চালাচ্ছে।”
গ্রেপ্তারকৃত প্রায় সবাই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে তিনি জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর, নিউমার্কেট ও ধানমন্ডি থেকে এক চিকিৎসকসহ চারজনকে হিযবুত তাহরীর সদস্য সন্দেহে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর একটি দল। তারা হলেন, ডা. মো. মনিরুল হক (২৭), শাহরিজ কবির (২৫), আদনান আহমেদ (১৯) ও তারেক আজিজ (১৮)।
গ্রেপ্তাকৃতদের কাছে বিপুল পরিমানে সাংগঠনিক বই, লিফলেট, ব্যানার, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধার করা হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭০৫ ঘ.
bdnews24