বরিশাল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুরে মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনার পর পর স্থানীয়দের অবরোধে প্রায় আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কালু চন্দ্র দাস (৭০) উজিরপুর উপজেলার ধামসর গ্রামের প্রয়াত ঈশ্বরচন্দ্র দাসের ছেলে।
উজিরপুর থানার উপ-পরিদর্শক লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৪টার দিকে সোনার বাংলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে যশোরগামী জিএম পরিবহনের একটি বাস কালু দাসকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে মারা যায় কালু। এর পরপরই এলাকাবাসী সড়ক অবরোধ করে।
পুলিশ কর্মকর্তা লুৎফর জানান, জয়শ্রী এলাকা থেকে বাসটি আটক করা হলে জনতা অবরোধ তুলে নেয়।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৩ ঘ.
bdnews24